ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সুপ্রিম কোর্টের একচল্লিশজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। (শিরোনামে সংশোধনীসহ)
তারা সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে রাষ্ট্রপতি বরাবরে লেখা আলাদা আলাদা পদত্যাগপত্র জমা দেন।
অ্যাটর্নি জেনারেল তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার কার্যালয় থেকে এই পদত্যাগপত্রগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে।
এতবেশি আইন কর্মকর্তার একসঙ্গে পদত্যাগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "পুনর্বিন্যাসের স্বার্থে এই আইন কর্মকর্তারা পদত্যাগ করেছেন। তারা অনেকে আবার পুনর্বহাল হতে পারেন।"
অ্যাটর্নি জেনারেল অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিগগিরই বেশ কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হচ্ছে। এরই প্রক্রিয়া হিসেবে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার আমলে নিয়োগ পাওয়া এই ৪১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
সরকারের আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্টে ৫৮ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছিলেন।
সরকার পরিবর্তনের পর আইন কর্মকর্তাদের রদবদল দেশের একটি প্রচলিত রীতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৫৮ঘ.
bdnews24