সাতক্ষীরা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে অপহৃত বনপ্রহরী জহিরের জবাই করা লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।
বনের আঢ়পাঙ্গাশিয়া নদীর দোবেকি নামক স্থানে তার লাশ ভাসতে দেখে বনকর্মকর্তারা পুলিশকে খবর দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, বনপ্রহরী জহিরকে জবাই করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। জহিরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার এবং হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি ফরেষ্ট ষ্টেশনের বনপ্রহরী নাসির খান, জহির, রেজাউল ইসলাম নদী পথে টহলে যান। ষ্টেশন থেকে কিছু দূরে যাওয়ার পর একটি সন্দেহজনক ট্রলারে তল্লাশি চালিয়ে কিছু হরিণের মাংশ উদ্ধার করেন।
তল্লাশির সময় ট্রলারে থাকা ১০ জন চোরাশিকারী তাদেরকে জাপটে ধরে। ধস্তা-ধস্তির এক পর্যায়ে নাসির অস্ত্রসহ নদীতে লাফিয়ে পড়েন। শিকারীরা বনপ্রহরী রেজাউলকে মারধরের পর তার রাইফেলটি কেড়ে নেয় এবং বনপ্রহরী জহিরকে অস্ত্রসহ ধরে নিয়ে যায়।
পরদিন দুপুরে সুন্দরবনের দোবেকি স্টেশনের কাছের একটি খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় রেজাউলের অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। ওইদিনেই পুলিশ সুন্দরবনের ভিতর থেকে খুলনা জেলার কয়রা থানার চোরামূখা গ্রামের কাশেম সরদারের ছেলে শাহবাজকে (৪৮) গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24