ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচন বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট আসনের কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।
ওই ছয় আসন হলো- বগুড়া-৬ ও ৭, রংপুর-৩ ও ৬, কুড়িগ্রাম-২ এবং কিশোরগঞ্জ-৬।
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ তিনটি করে আসনে জয়ী হওয়ার পর দু'টি করে আসন ছেড়ে দিলে মোট ছয়টি আসন শূন্য হয়ে পড়ে। এছাড়া আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ-৬ আসনটি ছেড়ে দিলে শূন্য আসনের সংখ্যা দাঁড়ায় ৭-এ। পরে নির্বাচন কমিশন এই সাতটি আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করে। তবে এরই মধ্যে শেখ হাসিনার ছেড়ে দেওয়া বাগেরহাট-১ আসনে তার চাচাতো ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শাামসুল হুদা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকেই নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা বন্ধ হয়ে গেছে। আর বুধবার মধ্যরাত থেকে বলবৎ হবে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। ভোট দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকায় ২ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিইসি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমবারের মতো নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে কোন নির্বাচন কর্মকর্তা দায়িত্বে অবহেলা বা প্রভাবিত নির্বাচন করলে কমিশন সরাসরি জবাবদিহিতা চাইতে পারবে।
কঠোর নিরাপত্তা
উপনির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি শক্তি নিয়োগ করেছে কমিশন।
সেনা ও বিডিআর সদস্য নিয়োগ করা না হলেও রেকর্ড সংখ্যক র্যাব, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন সদস্য নিয়োজিত থাকছে। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ১৯ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২১ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিরপত্তা রক্ষায় কাজ করবে।
প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে নয় জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১১ জন করে সশস্ত্র সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। এছাড়াও থাকবে রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স। এর বাইরে প্রতি ১০টি ভোট কেন্দ্র সমন্বয় করার জন্য কমিশনের নিজস্ব একজন কর্মকর্তা কাজ করবে। ইতিমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ৫ জন করে বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। তারা ৬ই এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও বিচার বিভাগীয় তদন্তের জন্য ২ জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ভোটের জন্য আয়োজন
৬ আসনের উপ নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রংপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী। এরা হলেন- রওশন এরশাদ (জাপা), রহিম উদ্দিন ভরসা (বিএনপি), সিরাজুল ইসলাম (খেলাফত মজলিস) ও কৃষক মো: সাদেক (গণফ্রন্ট)। রংপুর-৬আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। এর হলেন-আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), নুর মোহাম্মদ মন্ডল (বিএনপি), আবেদ আলী প্রধান (গণফ্রন্ট)। কুড়িগ্রাম-২আসনে ৪জন প্রার্থীর মধ্যে রয়েছেন জাফর আলী (আওয়ামী লীগ), মুস্তাফিজুর রহমান (ইসলামী আন্দোলন), তাজুল ইসলাম চৌধুরী (বিএনপি) ও গোলাম হাবিব দুলাল (জাপা)। বগুড়া-৬ এ ২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন মমতাজ উদ্দিন (আওয়ামী লীগ) ও ব্যারিষ্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার (বিএনপি)। বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন মওদুদ আহমদ (বিএনপি) ও ডা. মো: মুস্তফা আলম (আওয়ামী লীগ)। কিশোরগঞ্জ-৬ আসনে ২জন প্রার্থী হলেন- নাজমুল হাসান (আওয়ামী লীগ) ও শরিফুল আলম (বিএনপি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২২১০ঘ.
bdnews24