গাজীপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের গাছা এলাকায় ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে শনিবার দুপুরে এমটি সোয়েটার ও বঙ্গ ফ্যাশন নামে দুটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
এ সময় তারা কারখানা লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া ইটের আঘাতে কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, চাঁদা চেয়ে না পেয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
ঘটনার পর কারখানা দুটিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কারখানা দুটির মহাব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, ছাত্রলীগ নামধারী স্থানীয় সন্ত্রাসীরা বেশ কিছু দিন ধরে মাসিক দুই লাখ টাকা হিসাবে চাঁদা চেয়ে আসছিল। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কয়েক দফা কথা-বার্তা হয়। কিন্তু এত টাকা দিতে রাজি না হওয়ায় তারা আজ (শনিবার) হামলা চালায়।
কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ১০/১২ টি মোটর সাইকেলে করে স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলামের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী কারখানা ভবনে ঢোকার চেষ্টা করে।
নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে ফটকের বাইরে থেকে ইটপাটকেল ছোড়ে তারা। সন্ত্রাসীরা ১৫/২০ মিনিট একটানা ইট ছুড়ে পাঁচ তলা ভবনের বাইরের দিকের কাচ ভাঙচুর করে। এ সময় ৪/৫ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এ সময় কারখানায় কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ত্রাসীদের ইটের আঘাতে নিরাপত্তা কর্মী শমসেরসহ (৩৮) পাঁচজন আহত হন। অন্যদের নাম জানা যায়নি। এদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, বর্তমানে মালিকপক্ষের লোকজন ঝুট ব্যবসা করছে। স
bdnews24