২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। বিডিআর সদর দপ্তরের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের কারণে এবার পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও বিশেষ নৈশভোজসহ অন্যান্য অনুষ্ঠান হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। বিডিআর সদর দপ্তরের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের কারণে এবার পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও বিশেষ নৈশভোজসহ অন্যান্য অনুষ্ঠান হচ্ছে না। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান । পুলিশ সপ্তাহের তিনদিনের অনুষ্ঠানের মধ্যে মঙ্গলবার উদ্বোধনী দিনে রয়েছে বিশেষ শাখার সম্মেলন, পুলিশ সদস্যদের কৃতিত্বের স্বীকৃতি স্মারক প্রদান ও অপরাধ সংক্রান্ত সম্মেলন, কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীর বৈঠক, ফোর্সের সঙ্গে প্রীতিভোজ, পুলিশ অফিসার্স মেস এর সাধারণ সভা, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুলিশের 'সমসাময়িক চ্যালেঞ্জ' নিয়ে সম্মেলন। শেষ দিনে থাকবে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরতদের সম্মেলন। এছাড়া ১ এপ্রিল পুলিশের সব ইউনিটে প্রীতিভোজ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮০৫ঘ.