২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক রিভিউ কমিটির দীর্ঘ বৈঠকে উপ-কমিটি নিয়ে সিদ্ধান্ত হয়নি

চারদলীয় জোট সরকারের সময় 'নির্যাতিত ও হয়রানির শিকার' কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপ-কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি 'প্রশাসনিক রিভিউ কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের সময় 'নির্যাতিত ও হয়রানির শিকার' কর্মকর্তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপ-কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত করতে পারেনি 'প্রশাসনিক রিভিউ কমিটি'। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ এ রিভিউ কমিটির প্রধান। সংস্থাপন মন্ত্রণালয়ে সোমবার বিকেলে অনুষ্ঠিত কমিটির সভায় এ বিষয়ে দীর্ঘ আলোচনা হলেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি সদস্যরা। মন্ত্রণালয় ও সংস্থাভিত্তিক পৃথক উপ-কমিটি হবে কিনা, কমিটির পরবর্তী সভায় তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সভায় উপস্থিত কমিটির একাধিক সদস্য। আগামী শনি অথবা রোববার পরের সভাটি হতে পারে। সভায় উপস্থিত ওই সদস্যরা নাম না প্রকাশের শর্তে জানান, কমিটির কাছে এ ধরণের প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়েছে যা রিভিউ কমিটি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করছে। তবে কেন্দ্রীয় এই কমিটির পক্ষে এত আবেদন পর্যালোচনা ও বিবেচনা করা সম্ভব হচ্ছে না। তাই উপ-কমিটি গঠন করে পৃথক পৃথকভাবে বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন বলে সভায় মত ব্যক্ত করা হয়। উপ-কমিটি গঠন করা হলে তাদের কার্যক্রম কি হবে, কিভাবে উপ-কমিটি কাজ করবে, তাদের সিদ্ধান্তগুলো কিভাবে পর্যালোচনা করা হবে, এসব নিয়ে সাড়ে তিন ঘন্টা আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। ফলে পরবর্তী সভায় এ বিষয়ে আবারো আলোচনা করে পদ্ধতিগত দিকগুলো চূড়ান্ত করা হতে পারে। সোমবারের সভায় মাত্র ১০টি আবেদন নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে পাঁচটি আবেদন শর্ত পূরণ না হওয়ায় বাতিল করা হয়। বাকিগুলো প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সভার বাছাই করা তালিকার সঙ্গে যুক্ত করে এগুলো একযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এ ব্যাপারে কমিটির সভাপতি ড. আলাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কমিটির সদস্য সচিব সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাদিক বৈঠকের বিষয়বস্তু ও ফলের সত্যতা স্বীকার করলেও কোন মন্তব্য করতে রাজী হননি। চলতি মার্চ মাসের প্রথমদিকে অনুষ্ঠিত কমিটির এর আগের সভায় আবেদনগুলো যাচাই-বাছাই করতে মন্ত্রণালয় ও সংস্থা ভিত্তিক উপ-কমিটি গঠনের প্রস্তাব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২১০ঘ.