২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনসহ সাতটি বিল উত্থাপন

জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে মোট সাতটি বিল উত্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলগুলো স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)--জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে মোট সাতটি বিল উত্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলগুলো স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলগুলো হলো -ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) আইন ২০০৯, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯, সুপ্রিম কোর্ট জাজেস্ (সম্মানী ও সুযোগ-সুবিধা) (সংশোধন) আইন ২০০৯, বাংলাদেশ বিমান কর্পোরেশন (সংশোধন) আইন ২০০৯, বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (সংশোধন) আইন ২০০৯ এবং গ্রাম সরকার (রহিতকরণ) আইন ২০০৯। বাণিজ্য মন্ত্রী ফারুক খান 'ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯' বিল আকারে সংসদে উত্থাপন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজাল প্রতিরোধে এ আইন করা হচ্ছে। এই বিলটি পরীক্ষা নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) আইন ২০০৯, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এবং সুপ্রিম কোর্ট জাজেস (সম্মানী ও সুযোগ-সুবিধা) (সংশোধন) আইন ২০০৯ বিল আকারে সংসদে উত্থাপন করেন। বিল তিনটি সাত দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের বাংলাদেশ বিমান কর্পোরেশন (সংশোধন) আইন ২০০৯ বিল আকারে উত্থাপন করেন। এই বিল পরীক্ষা নিরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (সংশোধন) আইন ২০০৯ বিল আকারে সংসদে উত্থাপন করেন। এই বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গ্রাম সরকার (রহিতকরণ) আইন ২০০৯ বিল আকারে উত্থাপন করেন। এই বিল সাত দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম /এসইউএম/কেআরসি/এমএ/এইচএ/২০৪৬ঘ.