২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদল নেতা জাফরুল কারাগারে

সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি সমর্থক জাতীয়তাবদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান রোববার দুপুরে আত্মসমর্পণ করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি সমর্থক জাতীয়তাবদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান রোববার দুপুরে আত্মসমর্পণ করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এম এম বশিরউল্লাহ শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ পাঠানোরও আদেশ দেন। আগামী ৬ এপ্রিল মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে রোববার সকালে জাফরুল হাসান ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমপর্ণ করেন। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদিন মেসবাহ আদালতে জামিন প্রার্থনা করেন। দুপুরে আদালতে শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে। অপর দিকে একই আদালত থেকে জামিনপ্রাপ্ত স্ত্রী শেফালী হাসানের জামিন বহাল রাখা হয়। ২০০৭ সালের ১৬ জুলাই জাফরুল হাসান ও তার স্ত্রী শেফালী হাসান দুর্নীতি দমন কমিশনের কাছে ১ কোটি ২৫ লাখ ৬০ হাজার ২০৫ টাকার সম্পদের হিসাব দাখিল করেন। কিন্তু দুর্নীতি দমন কমিশনের তদন্তে জাফরুল হাসানের নামে জ্ঞাত আয়ের বর্হিভূত ৫১ লাখ ১০ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য পায়। জাফরুল হাসানের আইনজীবী আদালতে শুনানিকালে বলেন,'' জাফরুল হাসান একজন সৎ মানুষ। কখনোই অসৎ জীবন যাপন করেননি। তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং বিএনপির রাজনীতিকে নিচ্ছিন্ন করতে জাফরুল হাসানের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করা হয়েছে।'' এদিকে একই আদালতে অপর এক মামলায় কুষ্টিয়া-২ আসনের সাবেক বিএনপি সাংসদ অধ্যাপক শহিদুল ইসলাম আত্ম সমপর্ণ করেন। সোমবার তার জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য করে আদালত। একই মামলায় তার স্ত্রী সেলিনা শহীদ বর্তমানে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জিএনএ/১৪৪৭ ঘ.