ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনার তদন্ত প্রতিবেদন পেলেই কেবল বিচারের প্রক্রিয়া নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মন্ত্রী এ সম্পর্কে শুক্রবার বিভিন্ন সংবাদপত্রে তার বরাত দিয়ে প্রকাশিত খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিলখানা ঘটনার সেনা আইনে বিচার হবে- এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন পেলেই কোন আইনে বিচার হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ''
শুক্রবার বিভিন্ন পত্রপত্রিকা শফিক আহমেদের বরাত দিয়ে জানিয়েছে, পিলখানার ঘটনার সেনা আইনে বিচারে অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ''স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা তথা আইন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেইনি। আমরা তাদের কোন কোন আইনে বিচার করা যেতে পারে, তা বলেছি মাত্র।''
তিনি বলেন, ''পিলখানার ঘটনার বিচার সেনা আইনে কিংবা বিডিআর আইনে হতে পারে। শৃঙ্খলা-বাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ইচ্ছা করলে প্রজ্ঞাপন জারি করে সেনা আইনেও বিচার করতে পারে। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ পর্যায়ে এখনই কিছু বলা সমাচীন হবে না। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও সরকার নেয়নি।''
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন শাকিলসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন।
সরকার এ ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিসুুজ্জামান খানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/জিএনএ/১৩১৭ ঘ.
bdnews24