ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের নয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে ময়মনসিংহের ভালুকার ইউএনও সাঈদ মাহবুব খানকে বরিশালের গৌরনদী, দিনাজপুরের বিরলের ইউএনও হিসেবে বদলির আদেশাধীন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ আলীকে ভালুকা এবং বরিশালের বাকেরগঞ্জের ইউএনও হিসেবে বদলীর আদেশাধীন সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসেনকে ফেনীর ফুলগাজীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ভূইয়াকে হবিগঞ্জের চুনারুঘাটে, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক একেএম আজাদুর রহমানকে দিনাজপুরের বিরলে, রংপুর বদরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামকে গাইবান্ধার ফুলছড়িতে, সিলেট গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম খানকে নওগাঁর রানীনগরে ও মাগুরার শালিখার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী মাসুদুজ্জামানকে বরিশালের বাকেরগঞ্জের ইউএনও নিয়োগ করা হয়েছে।
চাপাই-নবাবগঞ্জের নাচোলের ইউএনও কাজী শফিকুল আলমকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তাকে পূর্ত সচিবের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। ওই আদেশটি বাতিল করা হয়েছে।
এছাড়া কুমিল্লা নাঙ্গলকোটের উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাফর ছাদেককে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৪৭ঘ.
bdnews24