ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের হাসপাতাল ভবন নির্মাণে তহবিল গঠনের লক্ষ্যে লটারির আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১০ টাকা মূল্যের এই লটারি ১৭ মার্চ থেকে বাজারে ছাড়া হবে, চলবে ২৯ মে পর্যন্ত এবং ড্র হবে ৩০ মে।
রোববার জাতীয় প্রেসক্লাবে 'শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল লটারি' নামে এর কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এমআর খান।
এ সময় তিনি লটারির কার্যক্রমের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষে ডা. সোহেলী আহমেদ সুইটি জানান, এই লটারিতে ৪০ লাখ টাকার মোট ১০০১টি পুরস্কার রয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার ঢাকায় একটি ফ্লাট বাড়ি অথবা ২৫ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৮০০সিসি মটরগাড়ি অথবা ৩ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১০০সিসি মটর সাইকেল অথবা ৬০ হাজার টাকা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মাহে আলম, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৩১৫ ঘ.
bdnews24