২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, পাঁচ জনের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বসুন্ধরা সিটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাইম মো. শাহীদুল্লাহ। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন কায়সার, হুমায়ুন হাশিম, লিটন হায়দার, রিয়াজুল বাশার, সায়েদুল ইসলাম তালাত ও গোলাম মর্তূজা অন্তু। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এপর্যন্ত আমরা চারজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন বসুন্ধরা গ্র"পের নিজস্ব অগ্নিনির্বাপন কর্মী বাকী বিল্লাহ।" তিনি জানান, বাকী তিনজনের মধ্যে দুই জন বসুন্ধরা গ্র"পের নিজস্ব অগ্নিনির্বাপন কর্মী এবং একজন লিফটম্যান। অগ্নিদগ্ধ হয়ে তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) শেখ মো. জালাল রাত সাড়ে ১১ টার দিকে জানান, ১৮ তলায় অরো একটি লাশ পাওয়া গেছে। আগুনে পুড়ে লাশটি কঙ্কালের মতো হয়ে গেছে। তাই লাশের পরিচয় জানা যায়নি। এখনো বিভিন্ন তলায় তল্লাশি চলছে বলে মাহবুবুর রহমান জানান। আগুন নিভে যাওয়ার পরও তাপ থাকায় তল্লাশি ধীরগতিতে চলছে বলে জানান তিনি। শুক্রবার রাত সাড়ে নটার দিকে দমকলের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, "রাত নটার দিকে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ১৬ থেকে ২০ তলা পর্যন্ত পুরোপুরি পুড়ে গেছে এবং ১৫ তলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।" তবে সোয়া সাত ঘন্টার এ অগ্নিকাণ্ডে ভবটির উপরের দিকের ৫টি তলা সম্পূর্ণ পুড়ে গেছে বলে তিনি জানান। এর আগে শমরিতা হাসপাতালের কাস্টমার সার্ভিসের কর্মকর্তা প্রদীপ কুমার ভৌমিক জানান, এই ঘটনায় আহত বসুন্ধরা গ্র"পের নিজস্ব অগ্নিনির্বাপন কর্মী বাকী বিল্লাহ বিকেলে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরের পর বসুন্ধরা সিটিতে এ অগ্নিকাণ্ডে আহত আরও ১৪ জন এ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রদীপ কুমার জানান, এখানে চিকিৎসাধীন যারা আছেন তারা হলেন- তংকিং চাকমা, টিটু, এনায়েত, আব্দুল কাদের, আমিনুল, জিল্লুর রহমান, কাওসার, আবু তাহের, রেজাউর করিম, মোখলেসুর রহমান, সানজারুল ইসলাম ও দীপক। এছাড়া ঘটনাস্থলের পাশে থাকা পাবনা- ৫ এর সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্সও এসময় আহত হন। বসুন্ধরা ভবনের সামনে জ্বলন্ত ধাতুর একটি টুকরা তার মাথার ওপর এসে পড়ে। তিনিও শমরিতায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। তারা হলেন- দমকল বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন ও পাশের এক দোকানি ফরিদ হোসেন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) আব্দুল হামিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ ও দমকল বাহিনীর একজন করে প্রতিনিধিও কমিটিতে আছেন। আগুন লাগার পর ভবনটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর দুটি দল ঘটনাস্থলে যায়। তারা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে একজনকে। আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাছে সহযোগিতার জন্য বিকেল ৪টা ১০ মিনিটে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। তারা ভবনটির বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয়। তবসুন্ধরা গ্র"পের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে ভবনের ১৭ থেকে ১৯ তলা পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। নিচ থেকে ১৩ তলা পর্যন্ত নিরাপদ আছে। আট তলা পর্যন্ত শপিং মলের দোকানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।" জাহিদ বলেন, ভবনটির ১১ থেকে ২০ তলা পর্যন্ত প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়। এছাড়া নয় থেকে ১০ পর্যন্ত জিমনেসিয়াম রয়েছে। ২০ তলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যানের কার্যালয়। এদিকে, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ভবনটির ভেতর থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা ব্যক্তি হলেন- বসুন্ধরা গ্র"পের অগ্নি নির্বাপক বিভাগের কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা। উদ্ধারকারী সেনাবাহিনীর দলটির নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা আগুন নেভানো এবং আটকে পড়াদের উদ্ধারের কাজে নিয়োজিত দমকল বাহিনীকে সহযোগিতা করতে এসেছি। একইসঙ্গে এ এলাকার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার বিষয়টিও আমরা দেখছি। কারণ এখানে অনেক মূল্যবান সম্পত্তি রয়েছে।" ৪টার ৪৫ মিনিটের দিকে নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা অগ্নি নিরোধক পোশাকে সজ্জিত হয়ে ভবনটির ভেতরে ঢুকে। সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট খাজা মাসুম সাংবাদিকদের বলেন, "এখন ১৪ তলা পর্যন্ত কোথাও আগুন নেই। আমরা দমকল বাহিনীর সঙ্গে ১৫ তলায় আগুন নেভানোর কাজ করছি।" তিনি জানান, ১৪ তলা পর্যন্ত কোথাও কেউ আটকা নাই। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে আগুন ধরে। ধীরে ধীরে আগুন উপরের দিকে ওঠে এবং টাওয়ার হিসেবে পরিচিত কমপ্লেক্সের একদিকের ওপর অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, দমকল বাহিনীর অনুরোধে তারা এখানে এসেছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর আগে বসুন্ধরা গ্র"পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো: তৌহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা। কয়েকজনকে নথিপত্র আনতে ভেতরে পাঠালেও তারা আনতে পারেনি। মূলত অফিসেই আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।" পুলিশের আইজিপি নূর মোহাম্মদ প্রথম থেকে ঘটনাস্থলে অবস্থান করেন। বিকেলে তিনি সাংবাদিকদের জানান, ভবনের ভেতরে তিনজন আটকা পড়েছিল তাদের হেলিকপ্টারসহ বিভিন্নভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইজিপি বলেন, "আমরা তো কারিগরি সহযোগিতা করতে পারি না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য কোনভাবে সাহায্য করতে পারি কিনা তাই দেখতে এসেছি।" শপিং মলের বিসমিল্লাহ স্টোরের মালিক তোফায়েল আহমেদ বলেন, "দুপুর ১টা ৪০ মিনিটে ভিতরে বসে টিভিতে দেখতে পাই আগুন লেগেছে। মালামাল বের করতে দেয়নি। শপিং মলের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়।" তার দাবি, ২১ তলায় চেয়ারম্যানের কক্ষে প্রথম আগুন ধরে। পরে তা ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর পরিচালক মেজর মতিয়ুর জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার সব দমকল ইউনিটকে ঢাকায় তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুপুর দেড়টায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে সেটা কমে গেলেও দুপুর দুটা থেকে তা ব্যাপক আকার ধারণ করে।" মেজর মতিয়ুর আরো জানান, ভবনের ১৮ তলা থেকে আগুনের সূত্রপাত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসআইটি/জিএমএ/এলএইচ/জিএনএ/এমএসবি/এইচএ/২৩৪০ ঘ.