ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিমানবন্দরে উদ্ধার মহিলার সম্ভাব্য হত্যাকারীদের পরিচয় মিলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম শনিবার বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হলে হত্যার উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে।
তিনি জানান, মহিলার নাম জোৎস্না কবির (৩৫)। থাকতেন নিকুঞ্জ-২ এ। স্বামী কবির হোসেন প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। মাঝে-মধ্যে দেশে আসেন।
তিনি জানান, জোৎস্না কবিরের দুই সন্তান। বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ছোট ছেলের বয়স সাড়ে ৩। বৃহস্পতিবার দুপুরে উত্তরা যাওয়ার নাম করে তিনি বাসা থেকে বেরিয়ে যান।
বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবিসহ খবর প্রচারিত হওয়ার পরই মূলত তার পরিচয় জানা সম্ভব হয় বলে পুলিশ কর্মকর্তা স্বীকার করেন।
শুক্রবার ভোর ৬ টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার বহির্গমন র্টামিনালের ৩ নম্বর গেটে বিশাল এশটি ব্যাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলএইচ/টিআর/১৯২৫ ঘ.
bdnews24