মাদারীপুর, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোররাত ৪টা থেকে সাড়ে পাঁচ ঘণ্টা মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল।
এ সময় যানবাহন বোঝাই বেশ কয়েকেটি ফেরি পদ্মা নদীবক্ষে আটকা পড়ে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়।
সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে। কমে আসে যানজটও।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাওড়াকান্দি ঘাট ইনচার্জ আলিমুজ্জামান চৌধুরী জানান, শুক্রবার ভোরে হঠাৎ পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকায় সিগন্যাল বাতি দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৪টার দিক ফেরি, লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, "ফেরি চলাচল বন্ধ থাকার সময় উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়েছিল।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৬ ঘ.
bdnews24