ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- দ্রব্যমূল্য নির্ধারণে কোনো আইন প্রণয়ণের কথা ভাবছে না সরকার।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "দ্রব্যমূল্য নির্ধারণে কোন মূল্য নিয়ন্ত্রণ আইন নেই। মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য নির্ধারণে এ ধরনের কোন আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই।"
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ফারুক খান বলেন, নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকার পদক্ষেপ নিয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার কোন পরিকল্পনা আপাতত নেই। প্রয়োজনে সরকার এ ধরনের কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।
রাশেদ খান মেননের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি নেই। সরকার দায়িত্ব্ গ্রহণের পর বাজারে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য কিছুটা হ্রাস পেয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/কেআরসি/কিউএইচ/এইচএ/২২২৮ঘ.
bdnews24