২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় সংসদে উত্তপ্ত বিতর্ক, বিএনপি'র ওয়াকআউট

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিটি নিয়ে মঙ্গলবার সংসদে সরকারি ও বিরোধী দলের সাংসদদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। সন্ধ্যায় পয়েন্ট অব অর্ডারে প্রথমে বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য এবং পরে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেন গুপ্তের জবাবের পর 'ব্যক্তিগত কৈফিয়তের' সুযোগ না দেওয়ার অভিযোগ এনে সোয়া সাতটার দিকে ওয়াকআউট করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিটি নিয়ে মঙ্গলবার সংসদে সরকারি ও বিরোধী দলের সাংসদদের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়েছে। সন্ধ্যায় পয়েন্ট অব অর্ডারে প্রথমে বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য এবং পরে আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেন গুপ্তের জবাবের পর 'ব্যক্তিগত কৈফিয়তের' সুযোগ না দেওয়ার অভিযোগ এনে সোয়া সাতটার দিকে ওয়াকআউট করে বিএনপি। অবশ্য এর ৫ মিনিটের মধ্যেই আবার সংসদে ফিরে আসেন তারা। সুরঞ্জিত সেনগুপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে 'যুদ্ধাপরাধী' আখ্যায়িত করে বক্তব্য রাখেন। এছাড়া বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের 'প্রাণী' বলে সম্বোধন করে শহীদদের প্রতি তিনি (সাকা চৌধুরী) চরম অসম্মান দেখিয়েছেন বলে অভিযোগ করেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "গত ২৫ ফেব্র"য়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। কমিটির কর্মপরিধির মধ্যে ঘটনার পটভূমি, প্রকৃত কারণ উদঘাটন ও অন্যান্য বিষয়ে প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে। " তবে এতে দোষীদের চিহ্নিত করার কোনো কথা নেই। অথচ বিডিআর বিদ্রোহে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা নিহত হয়েছেন, মা বোনরা বেইজ্জত হয়েছেন।" তিনি এ ঘটনায় একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, "দেশের অভ্যন্তরে ও বাইরে কারা দায়ী তা খুঁজে বের করা হোক। এতবড় ঘটনার দায়-দায়িত্ব কেউ এড়াতে পারে না।" সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানান তিনি। জবাবে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "সংসদে পয়েন্ট অব অর্ডারের নামে ডিজঅর্ডার চলছে। সালাউদ্দিন কাদের চৌধুরী একদিন আগে সংসদে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের 'প্রাণী' বলে সম্বোধন করে শহীদদের প্রতি চরম অসম্মান দেখিয়েছেন। "তিনি (সাকা চৌধুরী) বলেছিলেন- কিছু প্রাণীর প্রাণহানির ঘটনা ঘটেছে। গোটা জাতি যখন এমন মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ, ব্যথিত, শোকাহত-তখন শহীদ সেনা কর্মকর্তাদের 'প্রাণী' বলে অভিহিত করে তিনি তামাশা করেছেন।" 'প্রাণী' শব্দটি এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের কাছে প্রস্তাব দিয়ে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "এমন আপত্তিকর শব্দ উচ্চারণের জন্য সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষমা চাওয়া উচিত।" সালাউদ্দিন কাদের চৌধুরীকে 'যুদ্ধাপরাধী' অভিহিত করে তিনি আরো বলেন, "উনি নাকি আমার বেদনা বোঝেন; আমি মন্ত্রীত্ব পাইনি। উনার বেদনাও আমি বুঝি। "সাকা চৌধুরীকে ৩৭ বছর ধরে যুদ্ধাপরাধীর বেদনা নিয়ে কথা বলতে হয়। এ বেদনা লাঘবেই তিনি বিভ্রান্তিকর কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।" এসময় সালাউদ্দিন কাদের চৌধুরী 'ব্যক্তিগত কৈফিয়ত' প্রদানের জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার তাকে আর সুযোগ না দিলে এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেন। একই বিষয়ের ওপর আওয়ামী লীগ সাংসদ তোফায়েল আহমেদও কথা বলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমএ/এএল/এইচএ/২১৫৩ঘ.