সিলেট, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিরোধের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খতিরা গ্রামে সোমবার সকালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
নিহতের নাম- সুরুক মিয়া (৩২)।
এ ঘটনায় পুলিশ ওই গ্রামের এরশাদ আলী, সেজু মিয়া ও ফখরুল মিয়াকে আটক করেছে।
দক্ষিণ সুরমা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হক জানান, নিহত সুরুক মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাবুল মিয়া ১০ জনকে আসামি করে থানায় মামলা (নম্বর ৩) করেছেন বলে এএসআই হক জানান।
মামলায় অভিযোগ করা হয়- পূর্ববিরোধের জের ধরে সোমবার সকাল ১০টায় খতিরা গ্রামের ফজর আলীর পক্ষের লোকজন লোকমান আলীর পক্ষের লোকদের ওপর হামলা চালায়। এতে দুপক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সুরুক মিয়াকে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এএসআই হক জানান, আহত লোকমান আলী, গফুর মিয়া, আতিক মিয়া, প্রতাব আলী, রফিজ মিয়া ও শহীদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24