২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদীদের হালের বলদ বানানোর অভিযোগ নিয়ে হাইকোর্টের রুল

গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদীদের হালের বলদ হিসেবে ব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও কারা কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ২৪ডটকম)-- গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদীদের হালের বলদ হিসেবে ব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও কারা কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো.আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রুলে সব কারাগারে জেল কোডের বিধান মেনে চলা এবং কাশিমপুর কারাগারে কয়েদীদের প্রতি অমানবিক আচরণের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না- তার জবাব দিতে বলা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মহা কারা পরিদর্শক, উপ মহা কারা পরিদর্শক, কাশিমপুরের জেল সুপার ও দুই 'নির্যাতনকারীকে' এই রুলের জবাব দিতে হবে। সোমবার দৈনিক যুগান্তর 'কয়েদীরা হালের বলদ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, জেল সুপারের নেতৃত্বে কয়েদীদের হালের বলদ বানিয়ে চাষ করা হচ্ছে। ওই ঘটনা সংবিধান পরিপন্থী ও মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন মন্তব্য করে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানবাধিকার সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী, স্বপন কুমার দাস ও ফয়সল রেজা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। রিট শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "সংবিধানের ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী যেকোন নাগরিকের ওপর অমানবিক নির্যাতন করা নিষিদ্ধ। এই বিধান সত্ত্বেও কারাগারে নির্যাতনের এই ঘটনা ঘটেছে।" তিনি আরও বলেন, "কারা কর্তৃপক্ষ সব হাজতিদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত। কিন্তু এ ধরনের ঘটনার ফলে তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।" মনজিল মোরসেদ বলেন, "কয়েদীদের ওপর অমানবিক এই নির্যাতন মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। এ ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মানবাধিকার সবসময় লংঘিত হতে থাকবে। তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।" শুনানিতে সরকার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। বিডিনিউজ২৪ডটকম/এটি/এএল/এসকে/১৯১০ঘ.