বগুড়া, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ ২৪ ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়া'তুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) কয়েকজন চিহ্নিত সদস্যকে গ্রেপ্তারের জন্য বগুড়ার কয়েকটি স্থানে পুলিশ অভিযান চলছে।
এছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ জানায়।
বগুড়ার পুলিশ সুপার আকরাম হোসেন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "বগুড়ার ৬২ জন জঙ্গী নেতার তালিকা নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে গত শুক্রবার অভিযান শুরু করা হয়।"
পুলিশ সুপার বলেন, সোনাতলা, সারিয়াকান্দি, গাবতলী এলাকা থেকে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় যাতায়াত করা সহজ বলে বগুড়াকে কেন্দ্র করে জেএমবি উত্তরাঞ্চলে তাদের তৎপরতা চালিয়ে থাকে।
সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলকে তারা এর আগে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহারও করেছে বলে পুলিশ সুপার জানান।
আকরাম হোসেন জানান, শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী জঙ্গী সংগঠক বগুড়ার গাবতলীর কাজী আব্দুর রহীম ও রাসেল ওরফে গাট্টু এখনও পলাতক রয়েছেন।
গাট্টুকে জয়পুরহাট থেকে একবার গ্রেপ্তার করা হলেও জামিন পাওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এসকে/২১০৫ঘ.
bdnews24