২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচেতন করে বাড়িওয়ালার বাসার মালামাল লুট

কেরানীগঞ্জে খাবারে বিষাক্তদ্রব্য মিশিয়ে অচেতন করে শনিবার রাতে এক ভাড়াটে বাড়ির মালিকের মূল্যবান জিনিষপত্র হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেরানীগঞ্জে খাবারে বিষাক্তদ্রব্য মিশিয়ে অচেতন করে শনিবার রাতে এক ভাড়াটে বাড়ির মালিকের মূল্যবান জিনিষপত্র হাতিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার সকালে অচেতন অবস্থায় বাড়িওয়ালার পরিবারের চারজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন বাড়িওয়ালার পরিবারের সদস্য জাহানারা বেগম (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১৫ দিন আগে এক দম্পতি তাদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। পরিবারটির সঙ্গে তাদের ক্রমে ঘনিষ্ঠতা হলে রান্না করা খাবার দেওয়া-নেওয়া শুরু হয়। জাহানারা জানান শনিবার রাতের খাবারের সময় ভাড়াটের পরিবার থেকে তাদের সবজি তরকারি দেওয়া হয়। এই তরকারি তার মা লাইলুন নাহার (৭০),বোন ফেরদৌসি বেগম এবং ভাই আলম খায়। এরপরেই তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল ১১টা বেজে যাওয়ার পরেও ঘুম থেকে না উঠতে দেখে আশেপাশের লোকজন বাসায় গিয়ে খোঁজ নিয়ে সবাইকে বিছানায় অচেতন অবস্থায় পায়। জাহানারা বেগমের খালাত ভাই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসায় গিয়ে তিনি দেখেন ঘরের আলমারি থেকে সব কিছুই ওলোটপালট। আলমারিতে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭ হাজার টাকাসহ মূল্যবান কিছুু জিনিষ ছিল। এগুলোর একটিও নেই। এছাড়া ঘটনার পর থেকে ভাড়াটেদের পাওয়া যাচ্ছেনা। এব্যাপারে কেরানীগঞ্জ থানার সহকারি উপ পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনা তাদের জানা নেই। কেউ কোনো অভিযোগও করেননি। তবে তিনি খোঁজ নেবেন বলে জানান উপ পরিদর্শক । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসকে/২২১৮ঘ.