ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও জোটভিত্তিক ভোটার (সাংসদদের) তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারে ইসি।"
গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ইসি এরই মধ্যে জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে নির্বাচন করার উদ্যোগ নেওয়া হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩১ মার্চের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন করার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের আহ্বান
এদিকে মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ১৪ থেকে ১৮ ফেব্র"য়ারির মধ্যে তা সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে।
জোটওয়ারি হিসাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংরক্ষিত নারী আসনের ৩৫টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ৫টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১ টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা যে জোটে যোগ দেবেন তাদের আসন একটি বেড়ে যাবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ফেব্র"য়ারি সকাল ১০ টা থেকে ১৮ ফেব্র"য়ারি বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
১০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/১৯৫০ঘ.
bdnews24