ফরিদপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলায় বুধবার এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং আরো চার জন আহত হয়েছেন।
ভোর সাড়ে ছয়টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফয়জুল গাজী (৫০) ও নয়ন (৪০)। ফয়জুলের বাড়ি জেলার মধুখালীতে এবং নয়নের বাড়ি মাগুরার টেংরাখালী এলাকায়।
আহতদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঢাকার ফকিরেরপুলের বাসিন্দা হারুন (৪০) এবং ফরিদপুরের মধুখালীর মনোরঞ্জন সাহা (২৭)।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক এসআই মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ভোর সাড়ে ছয়টার দিকে কোমরপুর নামক স্থানে পৌঁছানেরর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়জুল এবং হাসপাতালে ভর্তির পর নয়ন মারা যায়।"
আহত হারুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মনোরঞ্জন সাহাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১২১৩ ঘ.
bdnews24