ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বিডিআর এর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। (বিস্তারিত আসছে)
শনিবার সন্ধ্যা সাতটার কিছু পর শুরু হওয়া বৈঠকে নিহতদের স্মরণে রোববার বিকেলে কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচিরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক হচ্ছে।
বৈঠক শুরুর পর বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক সংবাদ ব্রিফিং এ বলেন,''জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। সভা চলছে। এই সভায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। তাদের স্মরণে রোববার আসরের পর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।"
তিনি আরও জানান, সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনকেও নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে দোয়া মাহফিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও এম শামসুল ইসলাম। বিশেষ আমন্ত্রণে বৈঠকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, দলের জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার ও সালাউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএমএ/এসকে/২১০০ঘ.
bdnews24