ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তিনদিনব্যাপী জুম ল্যাপটপ ফেয়ার শেষ হওয়ার আগেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
ল্যাপটপ নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি ও শেষ দিনটি ছুটির দিন হওয়াই বিকেলের আগে বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন মেলার আয়োজকরা।
শুক্রবার দুপুরে মেলায় গিয়ে গেছে গত দুই দিনের তুলনায় অনেক বেশ ভিড়। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এদেরই একজন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী মোহাম্মদ সাম। ল্যাপটপ কেনার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার দামের চেয়ে প্রায় ৮ হাজার টাকা কমে এখান থেকে আমার পছন্দের ল্যাপটপ কিনলাম। দাম কমের পাশাপাশি আসল ব্র্যান্ডের পণ্য পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠান। এছাড়াও পেন ড্রাইভ, হেডফোন বিনামূল্যে পেয়েছি।"
মেলার মিডিয়া সমন্বয়ক হাবিব ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিনের এই ফেয়ারে আমাদের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার পিস ল্যাপটপ বিক্রি করা। কিন্তু গতকালই তা ছাড়িয়ে গেছে। শুক্রবার দুপুর পর্যন্ত আমরা প্রায় দেড় হাজার পিস বিক্রি করেছি।"
আশা প্রকাশ করে সমন্বয়ক হাবিব ইমরান বলেন, শেষ পর্যন্ত বিক্রির পরিমাণ দুই হাজার পিস ছাড়িয়ে যাবে।
গত বছর ফেয়ারে ৬'শ ৩ টি ল্যাপটপ বিক্রি হয়েছিল বলে জানান, হাবিব।
শুক্রবার শেষ দিন রাত ১০ টা পর্যন্ত ল্যাপটপ ফেয়ার চলবে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মো. মাহফুজুর রহমান নবীন বলেন, "এবছরের ফেয়ারে ছাত্ররাই বেশি ল্যাপটপ কিনেছে। আমাদের স্টল থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এইচপি কম্প্যাক। এর দাম ৫১ হাজার টাকা। বিক্রি কম হলেও ক্রেতাদের দৃষ্টি আর্কষণ করেছে এইচপি প্যাভিলিয়ন।"
এ বছরের ল্যাপটপ ফেয়ারে মোট ১০ টি প্যাভিলিয়ন এবং ৬ টি স্টল স্থাপন করা হয়েছে।
ফেয়ারে বেশ কয়েকটি ব্র্যাণ্ডের ল্যাপটপ বিক্রি ও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে কম্প্যাক, অ্যাপল, হাসি, ফুজিৎসু, ডেল, এইচপি, গিগাবাইট, আসুস, লেনোভো, তোশিবা, এসার, গ্রেট ওয়াল ও বেনকিউ উল্লেখযোগ্য।
ল্যাপটপ ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মধ্যে রয়েছে; রিশিট কম্পিউটার লিমিটেড, আইওএম, গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড, এক্সিকিউটিভ টেকনোলজিস, এভার মার্চ বাংলাদেশ, কম্পিউটার সোর্স লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ফ্লোরা লিমিটেড, সান কম্পিউটারস, মিরাকম টেকনোলজিস, কমট্রেড, টেকনো এজ ও অ্যাডভেন্ট টেকনোলজিস।
এবছর মেলার আয়োজন করে মেকার কমিউনিকেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৬৫৫ঘ.
bdnews24