নেত্রকোনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সন্ত্রাসী দিয়ে এক সাংবাদিক ও সাবেক একজন পৌর কমিশনারকে পেটানোর অভিযোগ উঠেছে।
দৈনিক ইনকিলাবের সংবাদদাতা কামরুল ইসলাম রতন ও সাবেক পৌর কমিশনার সাদেকুর রহমান শেলী অভিযোগ করেছেন, ইউএনও মো. কাজী আবেদ হোসেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সামনেই এ ঘটনা ঘটে।
ইউএনও কার্যালয়ের মিলনায়তনে এ ঘটনার সময় ইউএনও আবেদ তার অফিস কক্ষে ছিলেন।
ঘটনার শিকাররা দাবি করেছেন, ইউএনও আবেদ হোসেনই সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাদের প্রহার করিয়েছেন। ইউএনও আবেদ সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
আহত সাংবাদিক রতনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোহনগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সাদেকুর রহমান শেলী ও চারজন বর্তমান কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে ইউএনও আবেদের বিরুদ্ধে সরকারি গাছ কাটা, রাস্তার ইট বিক্রি, কম্বল বিতরণে অনিয়ম ও বাজার ইজারায় অনিয়মের লিখিত অভিযোগ করার পর তা নিয়ে গত ১৬ মে ইনকিলাবে খবর ছাপা হয়।
রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এডিসি রুহুল আমিন তদন্তের জন্য মোহনগঞ্জ ইউএনও কার্যালয়ে এসে অভিযোগকারী শেলী ও আমাকে ডেকে বক্তব্য শুনছিলেন। এ সময় হঠাৎ ইউএনও'র লেলিয়ে দেওয়া কতিপয় যুবক তদন্তকারী কর্মকর্তার সামনেই আমাদের মারধর করে।"
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি আবু তাহেরের কাছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শুনেছি মারপিট হয়েছে। তবে এখনও আমার কাছে কোনো অভিযোগ আসেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২৩৫৫ঘ.
bdnews24