২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সাহায্য

ভোলার লালমোহনে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ভোলা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান লালমোহন বালিকা বিদ্যালয় মাঠ ও চরফ্যাশন অডিটরিয়ামে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বুধবার ৮১ জন নিহতের পরিবারের কাছে সাহায্যের চেক দেন। লালমোহন উপজেলার নাজিরপুরের তেঁতুলিয়া নদীতে ঈদের আগের রাতে এম ভি কোকো-৪ লঞ্চ দুর্ঘটনায় এরা মারা যান। নিহতদের প্রতি পরিবারকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ দুর্যোগ তহবিল ট্রাস্ট্রি বোর্ড থেকে একক মৃত্যুর জন্য ৩০ হাজার টাকা এবং একাধিক মৃতের পরিবারকে ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়। ত্রাণ মন্ত্রণালয় থেকেও নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া একইদিন নৌ পরিবহন মন্ত্রীর বাবার নামে প্রতিষ্ঠিত আসমত আলী রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে দুই লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়। একক মৃত্যুর জন্য সাড়ে তিন হাজার এবং একাধিক মৃত্যুর জন্য পাঁচ হাজার করে টাকা পরিবারের হাতে তুলে দেন মন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম। এর আগে লাশ দাফনের জন্য সরকার নিহতদের প্রতি পরিবারকে তিন হাজার টাকা করে দেয়। ভোলার জেলা প্রশাসক মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লা আল ইসলাম জ্যাকব, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আ. মালেক, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুবউদ্দিন, ভোলার পুলিশ সুপারিনটেনডেন্ট এসএন নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮৩৫ ঘ.