ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪০০০ থেকে ৪৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় বড় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০১০ সালের মধ্যে দরপত্র (টেন্ডার) সংক্রান্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান সংক্রান্ত কাজ শেষ হয়েছে জানিয়ে মুহিত আশা প্রকাশ করেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি (নির্বাচনী ইশতেহার) অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদেই ৫০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে সরকারি মালিকানাধীন অবকাঠামো খাতের উন্নয়নে অর্থায়নকারী সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
তিনি আরও জানান, পদ্মা সেতু নির্মাণ, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।
তার দাবি, এসব প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে না। দরপত্র আহ্বান থেকে শুরু করে নিষ্পত্তি সব কাজই স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হবে না।
অর্থমন্ত্রী বলেন, "দেশের উন্নয়নের পথ প্রশস্ত করতে বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ যতো স্বচ্ছ হবে দেশের ততো মঙ্গল হবে। আর অস্বচ্ছ প্রক্রিয়ায় হলে তা বিপদ বয়ে আনবে।"
"বিষয়টি বিবেচনায় রেখেই আমরা (সরকার) আমাদের সব উন্নয়ন কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি," বলেন মুহিত।
বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনারা সাংবাদিকরা অনেক সময় না জেনে শুনেই বড় বড় কথা বলেন, অনেক কিছু লেখেন। বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার পরও যা খুশি তা-ই লিখে দেন। এটা মোটেই সমীচীন নয়।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "গতকাল (সোমবার) এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে দেরি হচ্ছে কেন? আমি ওই সাংবাদিককে কাল বলেছি, আজও বলছি, আমার জীবনে এতো বড় একটি প্রকল্পের কাজ এতো দ্রুত শুরু হতে দেখিনি। আমি নিজেও ভাবতে পারিনি আগামী ফ্রেব্র"য়ারির মধ্যে পদ্মা সেতুর টেন্ডার আহ্বান করা যাবে।"
অর্থমন্ত্রী বলেন, "একটি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে কী কী প্রক্রিয়া অতিক্রম করতে হয় সে সম্পর্কে যাদের ধারণা নেই তারাই প্রশ্ন করেন
bdnews24