২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকণ্ঠের বিরুদ্ধে বিএনপি সমর্থকের মানহানির মামলা

তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে একটি লেখা ধরে জনকণ্ঠের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন টাঙ্গাইলের বিএনপি সমর্থক এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 08:36 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে একটি লেখা ধরে জনকণ্ঠের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন টাঙ্গাইলের বিএনপি সমর্থক এক আইনজীবী। টাঙ্গাইলের বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে রোববার দায়ের করা ওই মামলায় বিবাদি করা হয়েছে জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে। মামলার বাদি টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের অভিযোগ, গত ১৭ ডিসেম্বর জনকণ্ঠে প্রকাশিত '৩৯তম বিজয় দিবস ও খসে পড়া খুনির ছদ্মাবরণ' শিরোনামে স্বদেশ রায়ের লেখায় বিএনপি নেতা তারেক ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। ওই নিবন্ধে '২১ আগস্টের খুনি তারেক রহমান ও ৭১ এর খুনি সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে সংগঠিত হচ্ছে যাচ্ছে বিএনপি' লেখা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। হাকিম ফায়জুন্নেছা অভিযোগ আমলে নিয়ে বিবাদিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৩ ঘ.