২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উদযাপিত

বাধভাঙা আনন্দ-উল্লাসে সিক্ত অগুণতি আয়োজনের সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের জোর দাবি উচ্চারণের মধ্য দিয়ে বুধবার বিজয়ের ৩৮তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাধভাঙা আনন্দ-উল্লাসে সিক্ত অগুণতি আয়োজনের সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের জোর দাবি উচ্চারণের মধ্য দিয়ে বুধবার বিজয়ের ৩৮তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ। নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ এর এ দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ। বিজয়ের বার্ষিকীতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরালোভাবে উঠে আসে। গত নির্বাচনে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে বহু প্রতীক্ষিত এ বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে। দিবসের সূচনা লগ্নেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে লাখো মানুষের ঢল। ফুলে ফুলে ভরে ওঠে স্থপতি মইনুল হোসেনের গড়া মুক্তিযুদ্ধের ওই স্মৃতিস্তম্ভ। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভোরে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তখন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী বর্তমানে ডেনমার্কে রয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি স্মৃতিসৌধে ফুল দেয় সকাল সাড়ে ৮টায়। তার আগে সাজেদা চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। রাজধানীসহ দেশের শহরগুলোতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ছিল মানুষের ঢল। উৎসবস্থল বা মিছিলে যোগ দেওয়া শিশু-কিশোর, তরুণ-তরুণীরা জাতীয় পতাকার রঙে বা পতাকা মাথায় বেধে সাজিয়ে তুলেছিলেন নিজেদের। অনেকেরই পরনে ছিল দিনটি উপলক্ষে বাজারে আসা হরেক স্লোগান আর ছবির টিশার্ট ,ফতুয়া ইত্যাদি পোশাক। ছুটির দিনেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল নানা আয়োজন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয় বরাবরের মতো বর্ণাঢ্য শিশু-কিশোর সমাবেশ। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পাড়ায় পাড়ায় মাইকে দিনভর বাজে দেশাত্মবোধক গান ও স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয় জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, জাতীয় পার্টি, যুবলীগ, যুবদল, যুব ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কৃষক লীগ, কৃষক দল, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, ঘাতক-দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু সংসদ, জাসাস, মহিলা পরিষদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরামসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন ছাড়াও ফুল দেয় আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও ফুল দেওয়া হয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও। লাইনে দাঁড়িয়ে বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। স্মৃতিসৌধের মূল বেদী থেকে সে লাইন বিস্তৃত হয় ঢাকা-আরিচা সড়কের নবীনগর পর্যন্ত। ফুল দেওয়ার সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে ছিলো- অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি। গত কয়েকবছর ধরেই বিশেষ করে বিজয় দিবসের লগ্নে বিভিন্ন ফোরামে সুশীল সমাজ ছাড়াও সাধারণ নাগরিক সমাজের মুখ থেকে ধ্বনিত হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ যেসব নির্বাচনী অঙ্গীকার করে জিতে সর্বশেষ নির্বাচনে ক্ষমতায় এসেছে তার অন্যতম প্রধান বিষয় ছিল যুদ্ধাপরাধীদের বিচার। মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারী সামরিক কর্মকর্তাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের পর এবার জাতি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার। যেহেতু এ সরকারের নির্বাচনী প্রতিশ্র"তির মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার ছিলো তাই এ সময়েই এ বিষয়টির মীমাংসা হবে তা জাতির কাছে প্রত্যাশিত।" পাকিস্তানি সামরিক বাহিনীর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। বাংলার মানুষ দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসের মুক্তি সংগ্রাম আর বিপুল আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় আসে। তিরিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখের বেশি নারীর সম্ভ্রমের বিনিময়ে দিগন্তে উঁকি দেয় স্বাধীনতার সূর্য। ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (পরে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে বাংলাদেশের মুক্তিবাহিনী ও যুদ্ধে সক্রিয় সহায়তাকারী ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে বিধ্বস্ত পাকিস্তানি সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/২০৩০ঘ.