২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য গরিব মানুষের সৃষ্টি নয়: ইউনূস

নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের পার্লামেন্টে (লোকসভা) দেওয়া বক্তৃতায় বলেছেন, দারিদ্র্য গরিব মানুষের সৃষ্টি নয়। বিদ্যমান ব্যবস্থার ত্র"টির কারণেই এই দারিদ্র্যের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

নয়া দিল্লি থেকে প্রতিনিধি নয়া দিল্লি, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের পার্লামেন্টে (লোকসভা) দেওয়া বক্তৃতায় বলেছেন, দারিদ্র্য গরিব মানুষের সৃষ্টি নয়। বিদ্যমান ব্যবস্থার ত্র"টির কারণেই এই দারিদ্র্যের সৃষ্টি হয়েছে। বুধবার লোকসভায় 'সোশ্যাল বিজনেস- এ স্টেপ টুয়ার্ড ক্রিয়েটিং এ নিউ ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল অর্ডার' শীর্ষক দ্বিতীয় প্রফেসর হীরেন মুখার্জি স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনূস বলেন, "গরীব মানুষের সঙ্গে যতো বেশি সময় কাটাবেন আপনি ততোবেশি এটা অনুধাবন করবেন যে গরীব মানুষ দারিদ্র্যের সৃষ্টি করেনি। আমাদের প্রতিষ্ঠিত ব্যবস্থা, আমাদের গড়া প্রতিষ্ঠান, আমাদের সৃষ্ট ধারণা এই দারিদ্র্যের জন্ম দিয়েছে। "দারিদ্র্য হচ্ছে কৃত্রিম এবং বাইরে থেকে কোনো ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া একটি বিষয়। তাই এটি বাহ্যিক বিষয় এবং একে দূর করা সম্ভব।" গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলেন, সমাজে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর ত্র"টিই দারিদ্র্যের সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো দরিদ্রদের সেবা দিতে অস্বীকৃতি জানায়। অথচ বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশই এই গরীব মানুষরা। এ প্রসঙ্গে তিনি বলেন, "যুগ যুগ ধরে তারা (আর্থিক প্রতিষ্ঠানগুলো) দাবি করে আসছে যে গরীবদের সেবা দেওয়া সম্ভব নয়। এবং সবাই তাদের এই ব্যাখা মেনে নিয়েছে। গ্রামীণ ব্যাংক এই ধারণাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিয়েছে যে টেকসই উপায়ে হতদরিদ্র্যদের ঋণ দেওয়া সম্ভব।" শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বিশ্বের চলমান আর্থিক সংকটের উপর আলোকপাত করে বলেন, এই সংকট পুরনো সেই ধারণার 'মিথ্যাকেই' প্রকাশ করেছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, জামানত ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রথাগত বৃহৎ ব্যাংকগুলো ধ্বসে পড়েছে। অন্যদিকে জামানত বিহীন ক্ষুদ্র ঋণ কর্মসূচি অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। অধ্যাপক ইউনূস প্রশ্ন করেন- "এর ফলে মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো কি তাদের চিন্তাধারা বদলাবে? তারা কি অবশেষে গরীবদের জন্য তাদের দরজা খুলে দেবে?" তিনি চলমান এই সংকটকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সবাইকে আর্থিক সেবা পাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঋণকে মানবাধিকারের মর্যাদা দেওয়া উচিত।" ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়াকে বিশ্বের প্রথম দারিদ্র্যমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখারও আহ্বান জানান অধ্যাপক ইউনূস। লোকসভার সদস্য হীরেন মুখার্জি স্মরণে গত বছর এই স্মারক বক্তৃতা প্রবর্তন করেন লোকসভার তৎকালীন স্পিকার সোমনাথ মুখোপাধ্যায়। হীরেন মুখার্জি ২০০৪ সালে মারা যান। প্রথম এই স্মারক বক্তৃতা দিয়েছিলেন নোবেল বিজয়ী আরেক বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। লোকসভার সেন্ট্রাল হলে আয়োজিত এই স্মারক বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া লোকসভার সদস্য, ভারতের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজন ও বুদ্ধিজীবীরা ইউনূসের বক্তৃতা শোনেন। ইউনূসকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে একজন 'অসাধারণ মানুষ' হিসেবে অভিহিত করে বলেন, প্রফেসর ইউনূস তার অর্থনীতির জ্ঞান সাফল্যের সঙ্গে প্রয়োগ করে লাখ লাখ গরীব মানুষকে দারিদ্র্যের কবলমুক্ত করেছেন। তার কাজ বিশেষ করে দরিদ্র নারীদের জীবন বদলে দিয়েছে, তাদের ক্ষমতায়িত করেছে। মনমোহন সিং নিজেও একজন খ্যাতিমান অর্থনীতিবিদ। ভারতের উপ-রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন লোকসভার বর্তমান স্পিকার মীরা কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১০৭ ঘ.