২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৯

টাঙ্গাইল ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার নয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার নয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদরে দু'জন, কালিহাতিতে চারজন এবং মাদারীপুরের কালকিনীতে তিনজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, ভোরে সদর উপজেলার বীরপুষিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে একটি মাইক্রোবাস এবং ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হলেন মাইক্রোবাস চালক শহিদুল ইসলাম (৩২) ও যাত্রী সুমন শরাফত (৩০)। সুমনের বাড়ি ঢাকার পল্লবী এবং শহিদুলের বাড়ি বরিশালের গৌরনদীতে। আহত তিনজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঢাকা থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে এর চালক পলাতক। কালিহাতি থানার ওসি শ্যামল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কালিহাতি উপজেলার পৌলি এলাকায় টাঙ্গাইলগামী একটি অটোরিকশাকে উত্তরাঞ্চলগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো তিনজন। এরমধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন কালিহাতি উপজেলার ভাবলা গ্রামের আলী আকবর (৩৮), খিলদা গ্রামের হযরত আলী (২২) ও বাসাইল উপজেলার ময়থা গ্রামের ফটিক সূত্রধর (৫৫)। এ ছাড়া আহত নুরুজ্জামান নাহিদ (২৫), নূরজাহান (৫০), হাসিনা বেগম (২৮), নাহিদ হাসান (৩) ও আজিজুর রহমানকে (৩২) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনী উপজেলার পান্তাপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগালে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। কালকিনী থানার ওসি মেজবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা থেকে বরিশালগামী পণ্যবাহী ট্রাকটির চালক ঘন্টু মুন্সী (৪০), শুকুর আলী (৪৫) ও নুরুজ্জামান (৩০) ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বাড়ি পাবনার বাশুরিয়া গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ডিডি/২০০০ ঘ.