২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের অবরোধ

বকেয়া বেতন-ভাতা না পাওয়ায় সাভারের জামগড় এলাকার তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে প্রায় পাঁচঘণ্টা সড়ক অবরোধ করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতা না পাওয়ায় সাভারের জামগড় এলাকার তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার বিকালে প্রায় পাঁচঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় শ্রমিকরা কারখানার কম্পিউটার,আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। তারা ভবনের ছয়তলায় অবস্থিত একটি কারখানায়ও আগুন দেয়। তবে পুলিশ গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকরা বেতন বকেয়া রয়েছে দাবি করলেও মালিকপক্ষ বলছে ছুটি নিয়ে মতান্তরের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী মহাসড়কের দু'পাশে শতশত গাড়ি আটকে পড়ে ঈদে ঘরমুখী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বিপুলসংখ্যক আর্মড পুলিশ ও থানা পুলিশ সদস্য কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের কারখানার বাইরে রাখলে তারা সীমানা প্রাচীরের ভেতরে অবস্থান নেয়। সাইফুল ইসলাম, রোকেয়া বেগম ও শাহীনসহ কারখানার বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনভয় গ্র"পের তিনটি তৈরি পোশাক কারখানা এনভয় ফ্যাশনস লি., এনভয় ডিজাইনস্ লি. ও মান্তা অ্যাপারেল লিমিটেডের শ্রমিকদের চলতি মাসের বেতন দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তারা। এরপর বেতন-ভাতা দেওয়া হবে না বলে জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এনভয় গ্র"পের মালিক বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন নয়, ছুটি নিয়ে তাদের সঙ্গে মতান্তর হয়েছে। শ্রমিকরা ছুটি চায় নয়দিন আর কর্তৃপক্ষ দিতে চায় ছয়দিন। এ নিয়ে ঝামেলা সৃষ্টি করা হয়।" তিনি বলেন, "কোনো বেতন-ভাতা বকেয়া নেই। গত মঙ্গলবার শ্রমিকদের ঈদের বোনাস দেওয়া হয়েছে। তারা লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর করে আমার সব শেষ করে দিয়েছে।" সন্ধ্যা ৬টার দিকে ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল বাহার এসে বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা বেতন-ভাতা পাওয়ার আগে অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিশেষ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ এ খাতের একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/ডিডি/এসকে/এইচএ/২১২৬ ঘ.