২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওয়াজেশ আহমদ মারা গেছেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী, আলোকচিত্রী ও লেখক নওয়াজেশ আহমদ মঙ্গলবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 09:18 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী, আলোকচিত্রী ও লেখক নওয়াজেশ আহমদ মঙ্গলবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বেরিয়ে আসার সময় সম্মেলন কেন্দ্রের চত্বরেই অজ্ঞান হয়ে পড়ে যান নওয়াজেশ আহমদ। প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 'সেলিব্রেটিং লাইফ' শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নওয়াজেশ আহমদ একটি অনুষ্ঠানে হটাৎ মাথা ঘুরে পড়ে যান। তাকে সেখান থেকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে এখানে আনা হয়। কিন্তু আমাদের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।" ম্যাসিভ হার্ট অ্যাটাকে নওয়াজেশ আহমদের মৃত্যু হয়েছে বলে হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকরা ধারণা করছেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে মানিকগঞ্জের গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মানিকগঞ্জের পারিল নওয়াধা গ্রামে নওয়াজেশ আহমদের জন্ম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রয়াত এ প্রকৃতি বিজ্ঞানী জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপদেষ্টা হিসেবে লাওস, থাইল্যান্ড, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেন। প্রখ্যাত এই আলোকচিত্রীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'বাংলাদেশ' (ছবির অ্যালবাম), 'বাংলার বনফুল', 'পোর্ট্রেট অব বাংলাদেশ', 'মহাবনস্পতির পদাবলী', 'কোয়েস্ট ফর রিয়েলিটি', 'ছিন্নপত্র' ও 'বাংলাদেশের ফুল' (শিশুতোষ গ্রন্থ)। বায়ান্নর ভাষা আন্দোলনের ওপর তার তোলা অনেক দুর্লভ ছবি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এইচএ/০১০৬ ঘ.