বরগুনা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায় দিয়েছে বরগুনার একটি আদালত। এ ছাড়া তার ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
জেলা ও দায়রা জজ এম ডি নূর মোহাম্মদ মোড়ল বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শামীম (৩০) বরগুনার পাথরঘাটা উপজেলার জামিরতলা গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, অন্য নারীর সঙ্গে অসামাজিক সম্পর্কে বাধা দেওয়ায় ২০০৬ সালের ৪ মে শামীম তার স্ত্রী রুনু আক্তারকে পিটিয়ে হত্যা করে।
পরদিন রুনুর ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে সাত জনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রের অপর আসামি শামীমের চাচী আফরোজা আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়।
এ মামলায় রুনুর ছেলে শাওন (১০) সাক্ষ্য দেওয়ার সময় আদালতে বলে, তার বাবা কাঠের টুকরা দিয়ে পিটিয়ে তার মাকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন।
রায় ঘোষণার সময় শামীম ও আফরোজা আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪৫ ঘ.
bdnews24