ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দু'দেশের মধ্যে 'ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট (টিফা)' চুক্তি সম্পাদন ছাড়া মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বৃদ্ধি পুরোপুরি নিশ্চিত হবে না।
রাষ্ট্রদূত সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)-এর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। (বিস্তারিত)
মরিয়ার্টি জানান, টিফা চুক্তি হলেই এধরনের ইস্যু নিয়ে আলোচনার দ্বার আরো উন্মুক্ত হবে।
বৈঠকে তিনি বলেন, "উদ্যোগ, বাজারে প্রবেশাধিকার ও শ্রম বিষয়ে বৃহত্তর সংলাপের জন্য যে পদক্ষেপটি আমরা নিতে পারি তা হলো টিফা চুক্তি সই করা।"
এমসিসিআই সদস্যদের এক প্রশ্নের জবাবে মার্কিন দূত জানান, টিফা চুক্তি ছাড়া কোনো কিছুরই নিশ্চয়তা দেওয়া যাবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি আরও স্পষ্ট করে বলতে চাই, মেধাসত্ত্বাধিকার ও অন্যান্য বিষয়ে যে আন্তর্জাতিক অঙ্গীকার রয়েছে তার উপর প্রস্তাবিত টিফার কোনো প্রভাব পড়বে না।"
শ্রীলংকা ও পাকিস্তানের মতো তৈরী পোশাক শিল্পের অন্যান্য প্রতিযোগীদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ সম্পর্কে মরিয়ার্টি বলেন, "আমরা এ উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি ভারসাম্যপূর্ণ সমঝোতার চেষ্টা করবো।"
এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের 'জিএসপি' কর্মসূচি সম্প্রসারণ বা সংস্কারের উপর কংগ্রেসের একটি উপ-কমিটিতে শুনানির কথা রয়েছে বলেও তিনি জানান। বর্তমান জিএসপি কর্মসূচির মেয়াদ ২০০৯ সালের শেষ নাগাদ উত্তীর্ণ হবে। এ কর্মসূচি থেকে বাংলাদেশের রপ্তানি খাত উপকৃত হয়েছে।
এমসিসিআই'র সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী তার উদ্বোধনী ভাষণে জিএসপি নবায়নের সময় তালিকায় আরও বেশী বাংলাদেশি পণ্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, "বাংলাদেশের শীর্ষ ৩০টি রপ্তানি পণ্যই যুক্তরাষ্ট্রের জিএসপি তালিকায় নেই। মূল্য বিচারে এসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানির ৭০ শতাংশ।"
এছাড়াও হাফিজ চৌধুরী টিফা চুক্তির খসড়া জনসমক্ষে প্রকাশের সুপারিশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমডি/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24