২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে ব্যবসায়ীদের হামলায় ২ ঢাবি ছাত্র আহত

রাজধানীর নীলক্ষেতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নীলক্ষেতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহত চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের এএইচএম কামাল ও প্রথম বর্ষের ছাত্র তুহিন ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলক্ষেতের বলাকা হলের পাশের একটি হার্ডওয়্যার দোকানের কর্মচারীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের কথা কাটাকাটি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় নীলক্ষেত মার্কেটের কয়েকজন ফটোকপি ব্যবসায়ী হামলা চালিয়ে এই দুই শিক্ষার্থীকে আহত করে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, সিটি করপোরেশনের পাঁচ নম্বর দোকানে শিক্ষার্থীরা হামলা করার পর ব্যবসায়ীরা তাদের ধাওয়া করে। এতে কোনো শিক্ষার্থী আহত হলে হতেও পারে। নিউমার্কেট থানার ওসি এএসএম কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তুহিন নামের এক ফটোকপি ব্যবসায়ীকে আটক করেছে। নীলক্ষেত মার্কেট এখন বন্ধ রয়েছে। উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৫০ ঘ.