২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে ইউপি চেয়ারম্যান নিহত

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাবনার ফরিদপুর উপজেলায় রোববার রাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 04:57 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

পাবনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাবনার ফরিদপুর উপজেলায় রোববার রাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান ওলি (৪৫) হাদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম এল জনযুদ্ধ) পাবনা অঞ্চলের শীর্ষ নেতা বলে পুলিশ জানিয়েছে। রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর উপজেলার হাদল গ্রামে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাদল গ্রামের বটতলায় চরমপন্থিদের গোপন বৈঠকের খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চরমপন্থিরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।" প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ওলির লাশ পাওয়া যায় বলে পুলিশ সুপার দাবি করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ওলি ফরিদপুর উপজেলার মৌদ গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ কমপক্ষে ৪ টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তবে আব্দুস সাত্তার খান অভিযোগ করেছেন, ওলিকে ঢাকার মিরপুর এলাকা থেকে আটকের পর পাবনায় এনে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জানান, এলাকার মানুষের কাছে ওলি একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। সে বিপুল ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে সাধারন জীবন যাপন করছিলেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার ঘটনায় হাদল ইউনিয়নের জনগণ বিক্ষোভ করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১০৫২ ঘ.