২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কর্মকর্তারা সচেষ্ট হলে দুর্নীতি রোধ সম্ভব হবে'

কর্মকর্তরা সচেষ্ট হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বগুড়া, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মকর্তরা সচেষ্ট হলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, "আমরা যদি সবাই সচেষ্ট হই যে আমরা প্রত্যেকে নিজেরা সৎ থেকে নিজ নিজ কার্যালয় দুর্নীতি মুক্ত রাখবো, তাহলে বোধ হয় দুর্নীতি রোধ করা সম্ভব হবে।" রোববার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এই কথা বলেন। তিনি মনে করেন, দেশে সৎ মানুষ ও দায়িত্ববানের সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে সমাজ পরিশুদ্ধ হবে। দুদকের কাজ সমাজকে পরিশুদ্ধ করা। যাতে দুর্নীতির কারণে দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। গোলাম রহমান বলেন, "আমরা শুনি বিভিন্ন অফিস আদালতে, বিশেষ করে যেসব অফিস সেবা দেয় সেখানে দুর্নীতি আছে। এসব অফিসে ৫, ১০, ৫০ টাকার উপরে যে দুর্নীতি হয় তাতে সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়।" বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বগুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. আব্দুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৮ ঘ.