২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি গবেষণায় দাতাদের ওপর নির্ভরশীল হবেন না: কৃষিমন্ত্রী

কৃষি গবেষণায় দাতা সংস্থাগুলোর ওপর নির্ভরশীল না হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি গবেষণায় দাতা সংস্থাগুলোর ওপর নির্ভরশীল না হতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সে 'প্রতিকূল পরিবেশে সহনশীল ফসলের জাত উদ্ভাবনে জিন প্রযুক্তির ব্যবহার' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বিশেষ করে লবণাক্ততা ও খরা সহনশীল প্রজাতির ধান উদ্ভাবনে দেশী বিজ্ঞানীরা সচেষ্ট রয়েছেন। কৃষিমন্ত্রী বলেন, "বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থাগুলো কৃষি খাতে ঋণ দানে দীর্ঘসূত্রতার জন্ম দেয়। পরামর্শক নিয়োগ ও সুদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে নিয়ে যায়।" স্থানীয় বিজ্ঞানীদের নিজস্ব একাগ্রতা ও সরকারের সামর্থ্যরে পরিপূর্ণ সদ্ব্যবহার করলে আরও বেশি সফলতা অর্জন সম্ভব বলে মত দেন তিনি। প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল বাশার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/এসকে/২২৪৯ঘ.