ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে লাগা আগুনে সেখানে মজুদ কাগজের দুই তৃতীয়াংশই নষ্ট হয়ে গেছে।
এনসিটিবির সিনিয়র ভাণ্ডার কর্মকর্তা নাসিম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো গুদামে মোট ১৯২ হাজার রিম বিভিন্ন মানের কাগজ ছিল। যার মধ্যে আগুন লেগে যাওয়া অংশে ছিল ৭৬ হাজার রিম। এক তৃতীয়াংশ অক্ষত অবস্থায় উদ্ধার করা যাবে। বাকি কাগজগুলো আগুনে পুড়ে ও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
রোববার সকালে গুদামটিতে আগুন লেগে তিনদিন ধরে চলে।
এর আগে সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, তিনতলা গুদামের নিচতলায় প্রাথমিক বিদ্যালয়ের পরের বছরের বইয়ের জন্য ১২০০ টন কাগজ অক্ষত অবস্থায় রয়েছে।
'টিচার্স গাইড' এবং মাধ্যমিক ও মাদ্রাসার অতিরিক্ত ৮০০ টন কাগজের বেশির ভাগ পুড়ে গেছে। এর মধ্য থেকে কিছু কাগজ অক্ষত অবস্থায় উদ্ধার করার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/২২৫০ঘ.
bdnews24