বগুড়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় তথ্য প্রযুক্তি মেলা 'নর্থ বেঙ্গল আইটি ফেয়ার' রোববার শুরু হচ্ছে।
কম্পিউটার প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'এইচপি' ও 'ইনটেল'-এর পৃষ্ঠপোষকতায় বগুড়া স্টেশন ক্লাবের কাভার্ড গ্রাউন্ডে আয়োজিত এই মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
রোববার সকাল সাড়ে ৯টায় মেলা উদ্বোধন করবেন বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতাখারুল ইসলাম খান।
শনিবার বিকেলে আয়োজক সংস্থা মেকার কমিউনিকেশন ও ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান।
তারা জানান, স্কুল-কলেজ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণকে কম্পিউটারের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই আয়োজন।
উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার পাশাপাশি বিভাগীয় শহর রাজশাহীতেও আগামী ২২ অক্টোবর থেকে মেলা হবে।
আয়োজক সংস্থা মেকার কমিউনিকেশন এর সমন্বয়ক মোহাম্মদ খান জানান, বগুড়ায় আয়োজিত নর্থ বেঙ্গল আইটি ফেয়ারে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৬টি প্যাভিলিয়ন এবং ১০টি স্টল থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রদর্শিত কম্পিউটারসহ তথ্য প্রযুক্তি খাতের সব ধরনের পণ্য বিশেষ ছাড়ে বিক্রির সুযোগ থাকবে।
মেলার প্রবেশ মূল্য ১০টাকা ধরা হলেও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে মোহাম্মদ খান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেকার কমিউনিকেশনের উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারওয়ার খান এবং মেলার অপর আয়োজক প্রতিষ্ঠান বগুড়ার হোটেল রেড চিলির পরিচালক নজরুল ইসলাম সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24