চাঁদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করে আলোচিত চাঁদপুরের রসু খাঁকে (৪০) জিজ্ঞাসাবাদ করতে আরও দুদিনের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালত অনুমতি দিয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আমিরুল ইসলামের আদালতে রসুকে হাজির করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে আরও সাতদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
শুনানি শেষে আদালত দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে অনুমতি দেয়।
গত ৭ অক্টোবর রাতে গাজীপুরের টঙ্গীর থানাধীন নিরাশপাড়া এলাকার বাসা থেকে রসুকে গ্রেপ্তার করেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর কাশেম। ৮ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য হেফাজতে নেওয়া হয়। হেফাজতে রসু স্বীকার করেন তিনি চাঁদপুরের বিভিন্ন স্থানে এনে ১১ নারীকে হত্যা করেছেন।
জিজ্ঞাসাবাদের পর রসু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশের ধারণা রসু অর্ধ শতাধিক খুনের সঙ্গে জড়িত।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ফেব্র"য়ারি মাসে টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টসের এক মহিলা শ্রমিক রসু খাঁ'র অন্ধ ছেলেকে লাথি মারলে রসু খাঁ তাকে হত্যার পরিকল্পনা করে।
পরদিন রসু কৌশলে মেয়েটির কাছে ক্ষমা চেয়ে তার সঙ্গে প্রেমের অভিনয় করে এবং তাকে ফরিদগঞ্জ থানার বালিথুবা ডি আর খালের পাড়ে নিয়ে আসেন। সেখানে তাকে ধর্ষণের পর পানিতে চুবিয়ে হত্যা করেন।
এসআই কাশেম জানান, এই মামলায় রসুকে আটক দেখানো হয়েছে। পুলিশ সাতদিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে আদালত দুদিনের অনুমতি দেয়।
তিনি জানান, আদালতে রসু'র পক্ষে কোনো আইনজীবী ছিল না। রসু আদালতকে বলেছেন, তিনি সব ঘটনা স্বীকার করেছেন। তাকে যেন আর হেফাজতে নেওয়া না হয়।
পুলিশ কর্মকর্তা কাশেম জানান, মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রসুকে আবার আদালতে হাজির করা হবে। আবার অন্য মামলায় আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার হেফাজতে নিতে আদালতে আবেদন জানানো হবে।
এর আগে জিজ্ঞাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রসু সব খুনের কাহিনী বর্ণনা করেন। লোমহর্ষকভাবে নির্যাতনের পর ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করেন রসু।
এর মধ্যে জেলার ফরিদগঞ্জে ছয়, চাঁদপুর সদরে চার ও হাইমচরে এক নারীকে মেরে ফেলে লাশ খালে ও নদীতে ভাসিয়ে দেন তিনি। প্রথম প্রেমে ব্যর্থ হয়ে ১০১ জন নারীকে হত্যার পরিকল্পনা নিয়েছিলেন বলে রসু পুলিশকে জানিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আবুল খাঁর ছেলে রসু ১৬ বছর আগে গ্রাম ছেড়ে টঙ্গীতে এসে বসবাস শুরু করেন।
তিনি কখনো হকারি করতেন, কখনো রিকশা চালাতেন, ডাকাতি, চুরিও করেছেন। অন্যের হয়েও খুন করার কথা স্বীকার করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.
bdnews24