চাঁদপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের পুরানবাজারে নিতাইগঞ্জ রোডে নকল ঔষধ তৈরির কারখানার খোঁজ পেয়েছে পুলিশ।
সোমবার বিকেলে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে প্রচুর ঔষধ ও নকল 'এনার্জি ড্রিংক' টাইগারসহ বিভিন্ন সরঞ্জামান উদ্ধার করে। আটক করা হয় কারখানার মালিক মো শাহাদাত পাটওয়ারীকে।
সহকারী ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল কাইয়ুমসহ পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, আর্ক ফার্মাসিটিক্যাল (ইউনানী) নামের প্রতিষ্ঠানটি ভ্যানযোগে চাঁদপুরের বিভিন্ন স্থানে তাদের মালামাল বাজারজাত করার সময় পুলিশ প্রথমে ভ্যানসহ মালামাল আটক করে।
পরবর্তীতে খোঁজ নিয়ে পুলিশ আর্ক ফার্মাসিউটিকলস এর মালিক মো. শাহাদাত পাটওয়ারীকে সোমবার দুপুরে আটক করে। শাহাদাতের তথ্যের ভিত্তিতে নিতাইগঞ্জ রোডের শাহিন ভিলা নামের একটি বাড়িতে নকল ঔষধের কারখানায় অভিযান চালায় চাঁদপুরের সহকারী ম্যাজিস্ট্রেট আল আমিন।
কারখানা থেকে নকল সরকারি অনুমোদনবিহীন ১২ হাজার আরএস নামের ওয়ারস্যালাইনের প্যাকেট উদ্ধার করা হয়। যার প্যাকেটে লেখা ছিল 'এশিয়া ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ'।
এছাড়া ওই কারখানা থেকে সাত হাজার ৮৯৬ বোতল পাওয়ার হর্স এনার্জি ড্রিংক, তিন হাজার ৪৮ হর্স ফিনির্স এর খালি বোতল এবং ২৫০টি লেবেল উদ্ধার করা হয়।
চাঁদপুর সিভিল সার্জন অফিসের ডা. আব্দুল হক বলেন, "আমি আজ সোমবার কারখানাটি পরিদর্শন করেছি। এটি ইউনানী প্রতিষ্ঠান। এর শুধু কয়েকটি ঔষধ তৈরির অনুমতি রয়েছে। অথচ তারা তৈরি করতো অনেক ধরনের ঔষধ।"
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৯ ঘ.
bdnews24