২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে চিঠি কমছে এক কোটি করে

টেলিগ্রাম নেই হয়ে গেছে। হারিয়ে যাচ্ছে চিঠিও। মোবাইল ফোন আর ইন্টারনেটের এ যুগে চিঠি লেখার সময় কই? ডাক বিভাগের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বছর চিঠি কমছে এক কোটি করে। ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসে রিয়াজুল বাশারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 04:07 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে অনেকেই এখন আর চিঠি লেখেন না। হারিয়ে যাচ্ছে চিঠি। কেমন কমছে এ সংখ্যা- খোঁজ নেওয়া হলে ডাক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ সংখ্যা কোটির ঘরে। বছরে চিঠি কমছে এক কোটি করে। ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে বছরে ১৫ থেকে ১৬ কোটি চিঠি লেনদেন হয়। তিনি বলেন, "পাঁচ বছর আগেও বছরে প্রায় ২০ কোটি এবং ১০ বছর আগে বছরে প্রায় ২৪ কোটি চিঠি আদান-প্রদান করতাম।" এ হিসাবে গত ১০ বছরে মোট চিঠি লেনদেন কমেছে প্রায় ১০ কোটি। অর্থাৎ বছরে এক কোটি চিঠি লেনদেন কমে যাচ্ছে। ব্যক্তিগত চিঠি কমার কারণেই মোট চিঠির সংখ্যা কমে যাচ্ছে জানিয়ে মোবাশ্বেরউর রহমান বলেন, "মোবাইল ফোন, ইন্টারনেটের কারণে এখন অনেকেই হাতে চিঠি লেখেন না। আর ব্যক্তিগত চিঠি কমার কারণেই মোট চিঠির সংখ্যা কমে যাচ্ছে।" ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ১৮৭৪ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। হাতের কাছেই মোবাইল ফোন, ইন্টারনেট। যোগাযোগের অত্যাধুনিক সব প্রযুক্তি। সেটা না হলে তো কুরিয়ার সার্ভিস আছেই। কুরিয়ার সার্ভিসে খরচ একটু বেশি পড়লেও এখন নিশ্চয়তার জন্য ডাকঘরমুখী হতে চান না অনেকে। ডাকঘরে গেলে চিঠি কবে পৌঁছাবে সে নিশ্চয়তা কোথায়? এরপরও চিঠি লেখা হচ্ছে। আর এসব চিঠির সিংহভাগই বাণিজ্যিক ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য লেখা হচ্ছে। ব্যক্তিগত চিঠি প্রায় হারিয়ে যেতেই বসেছে। অবশ্য তারও আগে হারিয়ে গেছে টেলিগ্রাম। দেশে কয়েক বছর আগে এ পদ্ধতিই উঠিয়ে দেওয়া হয়েছে। আটশ' বছরের পুরানো এ ডাক বিভাগকে টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে ভিন্ন পন্থা। বর্তমানে বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ডে জড়িত করে ডাক বিভাগের কর্মচারিদের বাঁচিয়ে রাখতে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মোবাইল ফোন। বাড়ানো হচ্ছে ডাক বিভাগের সেবার পরিধি। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের আর্থিক সেবা। কর্মকর্তারা জানিয়েছেন প্রবাসীদের অর্থ দেশে পৌঁছানো, মোবাইলফোনে অর্থ স্থানান্তর, পাসপোর্টের আবেদনপত্র ও অর্থ জমা, সঞ্চয়ী হিসাবে অর্থ জমা রাখা, বাজারে প্রাইজবন্ড ছাড়া, অনুমিত আয়কর জমা, মোটরগাড়ি ও টেলিফোন বিল জমা ও রাজস্ব স্টাম্প বিক্রি করার কাজ করছে এ বিভাগ। ডাক বিভাগের মহাপরিচালক জানালেন, শিগগিরই পোস্ট অফিস থেকে ক্যাশ কার্ড ছাড়া হবে। ব্যাংকের এটিএম কাডের্র মতো ডাক বিভাগের এ কার্ড দিয়ে জমা রাখা নির্ধারিত অর্থ গ্রাহকরা ডাকঘর থেকে তুলতে পারবেন। ডাক বিভাগের বাইরেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত কয়েক বছরে উল্লেখযোগ্যসংখ্যক চিঠি লেনদেন হচ্ছে। দিন দিনই জনপ্রিয় হচ্ছে কুরিয়ার সার্ভিস। কুরিয়ার প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে। বর্তমানে বছরে চার থেকে পাঁচ কোটি চিঠি কুরিয়ারের মাধ্যমে দেওয়া-নেওয়া হচ্ছে জানিয়ে মোবাশ্বেরউর রহমান বলেন, "আমরা কুরিয়ারের সঙ্গে প্রতিযোগিতার জন্য অনেক পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো দ্রুত সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে ইতোমধ্যে আমাদের আরও ২৮৫০টি পদে লোকবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।" মহাপরিচালক আরও জানান, দেশে বিভাগীয় (ডিপার্টমেন্টাল) ডাকঘরের সংখ্যা এক হাজার ছয়শ'র বেশি। গ্রামীণ বা অতিরিক্ত বিভাগীয় (এক্সট্রা ডিপার্টমেন্টাল) ডাকঘর রয়েছে আট হাজারের মতো। সরকারি কর্মকর্তা-কর্মচারি রয়েছেন ১৭ হাজার। আর ভাতাপ্রাপ্ত লোকবলের সংখ্যা ২৪ হাজারের বেশি। ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবেকের শাসনামলে দিল্লি থেকে বাংলা পর্যন্ত ডাক ব্যবস্থা চালু হয়। বৃটিশ আমলে তা নতুন মাত্রা পায়। ১৮৬৪ সালে রেলওয়ে ডাক, ১৮৮০ সালে মানি অর্ডার, ১৯০৯ সালে এক্সপ্রেস টেলিগ্রাম এবং ১৯৩৩ সালে শুরু হয় বিমান ডাক। ১৯৫৬ সালে বাংলাকে প্রাদেশিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পূর্ববাংলার স্ট্যাম্প ও স্টেশনারি বাংলায় করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ডাকঘর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মুজিবনগর সরকার গঠনের পর সীমান্ত এলাকায় দ্রুত ৫০ টি মাঠপর্যায়ের ডাকঘর স্থাপন করা হয়। এসময় বাংলাদেশের প্রথম আটটি ডাকটিকিট (স্ট্যাম্প) প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধের সময় ১২০টি ডাকঘর পুড়িয়ে দেওয়া এবং ২০০ জন ডাক কর্মকর্তাকে হত্যা করা হয়। লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতি হয় ১৫ লাখ টাকার মালামাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সব ডাকঘর পুনর্র্নিমাণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/এমআই/০৯৪৫ ঘ.