ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিডোগে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দাখিল করেন অন্যতম দরপত্র দাখিলকারী ঠিকাদার প্রণব সাহা।
ওই কার্যাদেশ পাওয়া সরবরাহকারী মো. শামীম রেজাকে মামলায় ২ নম্বর বিবাদী করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯-'১০ অর্থবছরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহের জন্যে গত আগস্ট মাসে দরপত্র আহবান করা হয়। দরপত্র দাখিলের অন্যান্য শর্তের মধ্যে ছিল সরবরাহকারীর ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, রোগীদের খাবার সরবরাহে ৫ বছরের অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে এবং দাখিল করা দরপত্রের প্রতিটি পদের মূল্য বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
দরপত্র খোলার পর দেখা যায় ২ নম্বর বিবাদী শামীম রেজার দাখিল করা দরপত্রে উল্লেখ করা পণ্যের মূল্যের সঙ্গে বাজারদরের কোনো সামঞ্জস্য নেই। এ ছাড়া তার দরপত্রে ভ্যাট রেজিস্ট্রেশন সনদও দেওয়া হয়নি।
ওই সময় উপস্থিত সকল দরপত্র দাখিলকারী শামীম রেজার দরপত্র বাতিল করতে বললে সিভিল সার্জন তাতে সম্মতি দিয়ে সবাইকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় ২ নম্বর বিবাদী শামীম রেজাকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24