গাজীপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ কেনার টাকা না দেওয়ায় সোমবার রাতে গাজীপুর সদরের ভাওয়াল গাজীপুর গ্রামের একটি পূজা মণ্ডপে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, রাত ১১টার দিকে গ্রামের নিরঞ্জনের বাড়ির পাশে মণ্ডপে লক্ষ্মীপূজা চলাকালে এলাকার কয়েকজন যুবক নিরঞ্জনের কাছে মদ অথবা মদ কেনার টাকা দাবি করে। টাকা বা মদ না পেয়ে তারা মণ্ডপে ভাংচুর ও হামলা চালানোর হুমকি দিয়ে চলে যায়। এ সময় পূজা বন্ধ হয়ে যায় এবং ভয়ে পূণ্যার্থীরা চলে যায়।
ওসি বলেন, মঙ্গলবার সকালে এলাকাবাসী মণ্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা দেখতে পায়।
এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।
সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্তারুজ্জামান ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24