২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মশালা শুরুর একদিন পর আইজিপির হনোলুলু যাত্রা

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনোলুলুতে নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা,অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনোলুলুতে নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন। এই কর্মশালা গত ৫ অক্টোবর শুরু হলেও ভিসা জটিলতার কারণে তিনি সময়মতো যেতে পারেননি। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ওয়ার্কশপ অন সিকিউরিটি সেক্টর ডেভেলপমেন্ট: ন্যাশনাল প্রায়োরিটিজ অ্যান্ড রিজিওনাল অ্যাপ্রোচেস' শীর্ষক এ কর্মশালায় যোগ দিতে নূর মোহাম্মদ রাত ১ টার দিকে ঢাকা ছাড়বেন। ৫-১০ অক্টোবর পর্যন্ত এ কর্মশালা চলবে। গত ৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে যোগ দিতে ঢাকা ত্যাগ করে। কিন্তু পুলিশের মহাপরিদর্শক ভিসা না পাওয়ায় সেই প্রতিনিধি দলের সদস্য হয়েও তাকে পরে যেতে হচ্ছে। এব্যাপারে রোববার রাতে আইজিপি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "পাসপোর্ট তো জমা দিয়েছি। কিন্তু ভিসা পাওয়া যায়নি। তবে আগামীকাল (সোমবার) দেখা যাক।" পুলিশ সদরদপ্তরের একটি সূত্র জানায়, মঙ্গলবার ভিসা পাওয়ার পরই কর্মশালায় যোগ দিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নূর মোহাম্মদ ঢাকা ত্যাগ করবেন। এব্যাপারে পুলিশের সহকারি মহাপরিদর্শক (মিডিয়া) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইজিপি নূর মোহাম্মদ হনোলুলুতে কর্মশালা শেষে সিঙ্গাপুরে ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দেবেন। ১৭ অক্টোবর রাতে তার ঢাকা ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২১৬ ঘ.