২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী ফারুকের জামিন

ঊর্ধ্বতন কর্মকর্তাকে হুমকি দেওয়ার মামলায় জামিন পেয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজিজ। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান বৃহস্পতিবার তাকে জামিন দেন। ডিসিসির প্রধান প্রকৌশলীকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 06:32 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊর্ধ্বতন কর্মকর্তাকে হুমকি দেওয়ার মামলায় জামিন পেয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আজিজ। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান বৃহস্পতিবার তাকে জামিন দেন। ডিসিসির প্রধান প্রকৌশলীকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। এ মামলার এজাহারে আসামির অপরাধ কেন জামিনযোগ্য ধারায় লেখা হলো- বুধবার তদন্ত কর্মকর্তার কাছে তার ব্যাখ্যা দাবি করেছিলেন হাকিম। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও রেকর্ডিং কর্মকর্তা 'কেন গুরুতর অপরাধে জামিনযোগ্য ধারা' বসানো হলো সে বিষয়ে ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তারা এজাহারের বক্তব্যকেই সমর্থন করেন বলেন অপরাধটি 'জামিনযোগ্য ধারারই'। বুধবার ফারুকের পক্ষেও জামিন চাওয়া হয়েছিল, তবে তা নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। ২৭ সেপ্টেম্বর ডিসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবদুল কাদির অভিযোগ করেন, ওইদিন তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেয় প্রকৌশল বিভাগ সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক। তিনি এ বিষয়ে মেয়রের কাছে লিখিত অভিযোগও করেন। পরে ফারুককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। হুমকির ঘটনায় প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান শাহবাগ থানায় একটি মামলা করেন। ২৯ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের শেখের টেকের বাসা থেকে ২৫ রাউন্ড গুলি ও পিস্তলসহ (লাইসেন্স করা) ফারুককে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১২২১ ঘ.