২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ পয়সার বেশি লাভ করা যাবে না

উৎপাদন মূল্যের সঙ্গে প্রতি ডিমে সর্বোচ্চ ৬০ পয়সা লাভ বেধে দেওয়া হয়েছে। এছাড়া মুরগির ক্ষেত্রে এ হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মূল্যের সঙ্গে প্রতি ডিমে সর্বোচ্চ ৬০ পয়সা লাভ বেধে দেওয়া হয়েছে। এছাড়া মুরগির ক্ষেত্রে এ হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ টাকা। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে বুধবার হাঁস-মুরগি খামার মালিক ও বিক্রেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ আলম, খামার মালিক সমিতির সভাপতি তাহের আহমেদ সিদ্দিকীসহ উৎপাদক ও ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "দেশের বাজারের দ্রুতগতিতে ডিম ও মুরগির দাম বেড়ে যাওয়ায় মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।" মন্ত্রী দাবি করেন, বর্তমানে প্রতিটি ডিমের জন্য উৎপাদন খরচ পাঁচ টাকা ৫২ পয়সা এবং মুরগির ক্ষেত্রে ১০৭ টাকা। কিন্তু মধ্যস্বত্ত্বভোগীসহ বিভিন্ন হাত ঘুরে বাজারে ডিম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকা ও মুরগি ১২০ থেকে ১৩০ টাকায়। অস্বাভাবিক লাভ বন্ধ করে ভোক্তাদের সুবিধার জন্য বিডিআরের দোকানে এগুলো বিক্রির ব্যবস্থা এবং উৎপাদকদের জন্য পৃথক প্রদর্শনী কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী সাতদিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের সুপারিশসহ বিস্তারিত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। খামার মালিক সমিতির সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী বলেন, "বর্তমানে ডিম ও মুরগির দাম বাজারের বেশি হলেও একে অস্বাভাবিক বলা যাবে না। কারণ শীতের সময় এবং আবহাওয়াজনিত কারণে মূল্য কিছুটা বেড়ে যায়। তবে এখন উৎপাদকদের কাছে থেকে বাজারে আসতে প্রতিটি ডিমের ক্ষেত্রে প্রায় দেড় টাকা পর্যন্ত দাম বেড়ে যায়।" হাঁস-মুরগির খাদ্য সংকট এবং আন্তর্জাতিক বাজার এসবের মূল্য বাড়ার কারণেও মুরগি ও ডিমের মূল্য বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। তবে সমিতির উপদেষ্টা খন্দকার মোহাম্মদ মহসীন হাঁস-মুরগি ও ডিমের মূল্য বাড়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে দায়ী করেন। তিনি বলেন, "গত দুই বছরে জরুরি অবস্থার মধ্যে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ভাইরাসের কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে গণহারে হাঁস-মুরগি নিধন করা হয়েছে। ফলে দেশে খামারের সংখ্যা বর্তমানে এক লাখ ৬০ হাজার থেকে মাত্র ৭৮ হাজারে নেমে এসেছে।" এ অবস্থায় মুরগি ও ডিমের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়েনি; ফলে এসবের মূল্য কিছুটা বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৮৫০ ঘ.