বরিশাল, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্র"তির সনদ 'ভিশন ২০২১' বাংলাদেশের জনগণের মাঝে আশার সঞ্চার করেছে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "এখন সরকারের দায়িত্ব হচ্ছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করা।"
সোমবার বরিশাল শহরের বরিশাল ক্লাবে এক সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
মরিয়ার্টি বলেন, "নতুন নির্বাচিত সরকারই জনগণের প্রতিনিধি; আশা করছি সরকার জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করবে।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা অব্যাহত রাখতে চাই। পাশাপাশি এ দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ ও ভাগ্যোন্নয়নে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করে যেতে চাই।"
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মরিয়ার্টি তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানান।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে পাচশ' কোটি ডলারেরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মরিয়ার্টি বলেন, "যুক্তরাষ্ট্রকে দেওয়ার মতো বাংলাদেশের অনেক কিছু রয়েছে।"
এর আগে বরিশাল ক্লাবে মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী 'আমেরিকা সপ্তাহ' উদ্বোধন করেন। এতে মার্কিন দূতাবাস, ইউএসএইড ও তার উন্নয়ন সহযোগী এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ৪০ টির মতো বুথ রয়েছে।
আমেরিকা সপ্তাহ উদ্বোধনের পর রাষ্ট্রদূত বিভিন্ন বুথ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন বরিশালের মেয়র শওকত হোসেন হিরন এবং ঢাকাস্থ ইউএসএইড মিশনের ডিরেক্টর ডেনিস রলিন্স।
রাজধানীর বাইরের জনগণের কাছে দূতাবাসের বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপনের জন্য এবার বরিশালে মার্কিন দূতাবাসের সহযোগিতায় 'আমেরিকা সপ্তাহ' আয়োজন করা হলো। এতে দুদেশের জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএইচকে/এএল/এইচএ/এমএসবি/ ২০২৭ ঘ.
bdnews24